163

08/11/2026 চন্দ্রগঞ্জে ‘এক দেশ, এক কিউআর’—ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

চন্দ্রগঞ্জে ‘এক দেশ, এক কিউআর’—ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

১০ আগস্ট ২০২৬ ২১:৩৪

মোঃ শাহাদাত হোসেন ফাহিম, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও ক্যাশলেস ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র চন্দ্রগঞ্জ উপ-শাখার উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘এক দেশ, এক কিউআর’ (Bangla QR) ধারণাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পূবালী ব্যাংক পিএলসি’র চন্দ্রগঞ্জ উপ-শাখার শাখা প্রধান মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র চৌমুহনী শাখার শাখা প্রধান স্বপ্না দাস চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাইয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খাঁন, লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ একতা সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর নুর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। এ ছাড়া চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। নগদ অর্থের পরিবর্তে Bangla QR, পয়েন্ট অব সেল (POS), ডেবিট-ক্রেডিট কার্ড ও অ্যাপভিত্তিক লেনদেনের মাধ্যমে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করা সম্ভব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বাড়বে।

বক্তারা আরও বলেন, ‘এক দেশ, এক কিউআর’ বা Bangla QR ব্যবস্থার প্রসার ঘটলে ছোট-বড় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজেই ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারবেন। একটি আধুনিক ক্যাশলেস সমাজ গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক:
যোগাযোগ:
ফোন:
ইমেইল: